ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে পূর্বশত্রুতার জেরে ভাই-বোন গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ই ব্লকে পূর্বশত্রুতার জেরে মো. জসিম উদ্দিন (৪৪) ও তাঁর বোন শাহিনুর বেগম (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সকালে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহত জসিম উদ্দিন জানান, তিনি গাজীপুরের কাশিমপুরে ফার্নিচারের ব্যবসা করেন এবং এক সপ্তাহ আগে বোনের বাসায় মিরপুরে আসেন। পাঁচ দিন আগে তিনি সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেন, যা নিয়ে ওই ছিনতাইকারীর সহযোগীরা তাঁকে হুমকি দিয়ে আসছিল।


শবেবরাতের রাতে নামাজ শেষে বাসার সামনে গেলে সোহাগের সহযোগী শরিফ, তুহিন, শহিদুল, সুজন ও রিয়াজের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল গুলি ছোড়েন, এতে জসিম উদ্দিন আহত হন। খবর পেয়ে তাঁর বোন শাহিনুর বাইরে এলে দুর্বৃত্তরা তাকেও গুলি করে পালিয়ে যায়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, জসিমের দুই পায়ে ও শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে শাহিনুরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page